ফুটবলে বহুল প্রচলিত একটি প্রবাদ আছে-আক্রমণভাগ আপনাকে ম্যাচ জেতাবে, কিন্তু রক্ষণভাগ আপনাকে জেতাবে টুর্নামেন্ট আর রক্ষণভাগের শেষ প্রহরী হলেন গোলরক্ষক
শৈশব থেকে আমরা যখন ফুটবল খেলি মজার ছিল যে ফুটবলে দুর্বল বা কম পড়াতো । তারপর মোটা বা রোগা তাকেই গোল পোস্টের নিচে দাঁড়াতে হত। এই নিয়মটা এখন আমাদের ছোট মাঠের ফুটবলে চালু আছে। আমাদের শৈশবে সবচেয়ে আলোচিত গোলকিপার ছিল চিলাভার্ট। তবে বিশ্বকাপ মঞ্চে তো আর এরকম না। ফুটবল বিশ্বকাপ শুধু গোলদাতা তারকাদের গল্প নয় এটি গোলপোস্টের সামনে দাঁড়িয়ে থাকা সাহসী যোদ্ধারও গল্প।
একজন গোলরক্ষক পুরো ম্যাচের ভাগ্য বদলে দিতে পারেন একটি অসাধারণ সেভের মাধ্যমে। সেই অবদানের স্বীকৃতি হিসেবে বিশ্বকাপের সেরা গোলরক্ষককে দেওয়া হয় মর্যাদাপূর্ণ গোল্ডেন গ্লাভস পুরস্কার। বর্তমান নাম "গোল্ডেন গ্লাভস" হলেও ১৯৯৪ থেকে ২০০৬ পর্যন্ত এই পুরস্কারটি "ইয়াশিন অ্যাওয়ার্ড" নামে পরিচিত ছিল। কিংবদন্তি সোভিয়েত গোলরক্ষক লেভ ইয়াশিনের সম্মানে। আজকে থাকছে সেইসব কিংবদন্তিদের কথা যাঁরা নিজেদের হাতকে বানিয়েছিলেন চীনের প্রাচীর।
পুরস্কারের ইতিহাস: লেভ ইয়াশিন থেকে গোল্ডেন গ্লাভস
বিশ্বকাপের শুরু থেকেই সেরা গোলরক্ষক নির্বাচন করা হলেও আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার দেওয়া শুরু হয় ১৯৯৪ সালের যুক্তরাষ্ট্র বিশ্বকাপে। তৎকালীন সময়ে ইতিহাসের অন্যতম সেরা সোভিয়েত গোলরক্ষক লেভ ইয়াশিনের স্মরণে এর নামকরণ করা হয়েছিল ‘লেভ ইয়াশিন অ্যাওয়ার্ড’।
পরবর্তীতে ২০১০ সালের দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ থেকে এর নাম পরিবর্তন করে রাখা হয় ‘গোল্ডেন গ্লাভস’। ফিফার টেকনিক্যাল স্টাডি গ্রুপ পুরো টুর্নামেন্টে গোলরক্ষকদের পারফরম্যান্স, ক্লিন শিট (কোনো গোল না খাওয়া ম্যাচের সংখ্যা), পেনাল্টি সেভ এবং দলের সাফল্যে অবদানের ওপর ভিত্তি করে এই পুরস্কারের বিজয়ী নির্ধারণ করে।
বিশ্বকাপের ইতিহাসে এই পুরস্কার জিতেছেন এমন সব গোলরক্ষক, যারা শুধু নিজেদের দলকেই রক্ষা করেননি, বরং ফুটবল ইতিহাসেও অমর হয়ে আছেন। চলুন দেখে নেওয়া যাক গোল্ডেন গ্লাভস বিজয়ীদের গৌরবময় যাত্রা।
মিশেল প্রুদহোম (বেলজিয়াম) – ১৯৯৪
১৯৯৪ সালের যুক্তরাষ্ট্র বিশ্বকাপে বেলজিয়াম দল হিসেবে খুব বেশি দূর যেতে পারেনি। তবে বেলজিয়ামের রক্ষণভাগ নড়বড়ে হলেও গোলপোস্টের নিচে মিশেল প্রুদহোম যা করেছিলেন। ফুটবল ইতিহাস এর আগে কখনো দেখেনি। গ্রুপ পর্ব থেকে শুরু করে নকআউট পর্ব পর্যন্ত তিনি ছিলেন অনবদ্য।
বিশেষ করে নেদারল্যান্ডসের বিপক্ষে তার একাধিক অবিশ্বাস্য সেভ আজও বিশ্বকাপ ইতিহাসের সেরা গোলকিপিং মুহূর্তগুলোর মধ্যে গণ্য হয়। তিনি দেখিয়েছিলেন, একজন গোলরক্ষক কীভাবে একাই ম্যাচে দলকে টিকিয়ে রাখতে পারেন।
- কেন তিনি শ্রেষ্ঠ: বাজপাখির মতো রিফ্লেক্স আর অবিশ্বাস্য সব সেভের কারণে দল হারলেও টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের খেতাব কেড়ে নেন তিনি। বিশেষ করে গ্রুপ পর্বে নেদারল্যান্ডসের বিশ্বখ্যাত আক্রমণভাগকে যেভাবে তিনি একাই রুখে দিয়েছিলেন, তা ছিল অতিমানবীয়।
- মূল অর্জন: বিশ্বকাপের ইতিহাসে প্রথম অফিসিয়াল ‘লেভ ইয়াশিন অ্যাওয়ার্ড’ (গোল্ডেন গ্লাভস) জয়ী গোলরক্ষক। দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নিয়ে টুর্নামেন্টের সেরা হওয়া তাঁর শ্রেষ্ঠত্বের সবচেয়ে বড় প্রমাণ।
ফ্যাবিয়ান বার্থেজ (ফ্রান্স) – ১৯৯৮
১৯৯৮ সালে ঘরের মাঠে ফ্রান্সের প্রথম বিশ্বকাপ জয়ের পেছনে তৎকালীন রক্ষণভাগের পাশাপাশি গোলপোস্টের নিচে ফ্যাবিয়ান বার্থেজ ছিলেন এক বড় আস্থার নাম। তাঁর অসাধারণ পজিশনিং এবং ডি-বক্সের ভেতর দারুণ নিয়ন্ত্রণ ফরাসি ডিফেন্ডারদের নির্ভার রেখেছিল।
পুরো টুর্নামেন্টে তার স্থিরতা, আত্মবিশ্বাস এবং দুর্দান্ত রিফ্লেক্স ফ্রান্সের রক্ষণকে দুর্ভেদ্য করে তুলেছিল। ব্রাজিলের বিপক্ষে ফাইনালে ফ্রান্স ৩-০ গোলে জয় পায়, আর বার্থেজের নির্ভরযোগ্য পারফরম্যান্স দলকে শিরোপা জয়ের পথে বড় ভূমিকা রাখে।
- কেন তিনি শ্রেষ্ঠ: ফাইনালে ব্রাজিলের রোনালদো, রিভালদো কিংবা জিওভান্নিদের একের পর এক আক্রমণ যেভাবে তিনি ঠান্ডা মাথায় নসাৎ করেছিলেন, তা ফরাসি ফুটবল ইতিহাসে রূপকথা হয়ে আছে। চাপের মুখেও তাঁর শান্ত স্বভাব দলকে মানসিকভাবে এগিয়ে রাখতো।
- মূল অর্জন: পুরো টুর্নামেন্টে ৭টি ম্যাচ খেলে মাত্র ২টি গোল হজম করেন। রেকর্ড ৫টি ম্যাচে কোনো গোল না খেয়ে (ক্লিন শিট) ফ্রান্সকে প্রথমবারের মতো বিশ্বচ্যাম্পিয়ন করেন এবং সেরা গোলরক্ষকের পুরস্কার জেতেন।
অলিভার কান (জার্মানি) – ২০০২
২০০২ সালের জার্মানি দলটি স্কোয়াডের দিক থেকে খুব একটা শক্তিশালী ছিল না। কিন্তু তারা ফাইনালে উঠেছিল কেবল একজন মানুষের ওপর ভর করে তিনি অলিভার কান। গোলপোস্টের নিচে তাঁর চিতা বাঘের মতো গর্জন আর অতিমানবীয় ডাইভিং প্রতিপক্ষের স্ট্রাইকারদের মনে রীতিমতো ভীতি তৈরি করতো।
জাপান ও দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত ২০০২ বিশ্বকাপে তিনি প্রায় একাই জার্মানিকে ফাইনালে তুলেছিলেন। পুরো টুর্নামেন্টে অসংখ্য অবিশ্বাস্য সেভ করে তিনি শুধু ইয়াশিন অ্যাওয়ার্ডই জেতেননি, বরং বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের গোল্ডেন বলও জয় করেন।
- কেন তিনি শ্রেষ্ঠ: কোয়ার্টার ফাইনালে মার্কিন যুক্তরাষ্ট্র এবং সেমিফাইনালে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে তাঁর একেকটি সেভ জার্মানিকে নিশ্চিত পরাজয় থেকে টেনে তুলেছিল। পুরো টুর্নামেন্টে তিনি জার্মানির রক্ষণভাগকে একাই টেনে নিয়ে গেছেন।
- মূল অর্জন: ফুটবল বিশ্বকাপের ইতিহাসে অলিভার কান-ই একমাত্র গোলরক্ষক যিনি একই টুর্নামেন্টে সেরা গোলরক্ষক (গোল্ডেন গ্লাভস) এবং টুর্নামেন্টের সেরা খেলোয়াড় (গোল্ডেন বল) দুটি পুরস্কারই একসাথে নিজের করে নিয়েছিলেন। টুর্নামেন্টে ৫টি ক্লিন শিট ছিল তাঁর।
জানলুইজি বুফন (ইতালি) -২০০৬
২০০৬ বিশ্বকাপে ইতাহির বিখ্যাত ‘কাতেনাসিও’ বা দুর্ভেদ্য ডিফেন্সের শেষ দেয়াল ছিলেন জানলুইজি বুফন। তাঁর দুর্দান্ত রিফ্লেক্স, নিখুঁত টাইমিং এবং ডিফেন্স লাইনের নেতৃত্ব ছিল নিখুঁত ও দেখার মতো।
- কেন তিনি শ্রেষ্ঠ: ফাইনালে অতিরিক্ত সময়ে ফ্রান্সের জিনেদিন জিদানের সেই বুলেট গতির হেডটি বুফন যেভাবে লাফিয়ে উঠে এক হাত দিয়ে বারের ওপর দিয়ে পার করে দেন, তা বিশ্বকাপের ইতিহাসের অন্যতম সেরা সেভ। পুরো টুর্নামেন্টে ওপেন প্লে (সরাসরি খেলা) থেকে কোনো প্রতিপক্ষ বুফনের জালে বল পাঠাতে পারেনি।
- মূল অর্জন: বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পথে পুরো টুর্নামেন্টে রেকর্ড ৫টি ক্লিন শিট রাখেন। পুরো বিশ্বকাপে তাঁর বিরুদ্ধে মাত্র ২টি গোল হয়েছিল—যার একটি ছিল নিজেদের দেওয়া আত্মঘাতী গোল এবং অন্যটি ফাইনালে জিদানের পেনাল্টি।
ইকার ক্যাসিয়াস (স্পেন) -২০১০
স্পেনের টিকিতাকা ফুটবলের সোনালী প্রজন্মের বিশ্বজয়ের পেছনে সেন্ট ইকার বা সেন্ট ইকার ক্যাসিয়াসের অবদান ছিল সোনার অক্ষরে লেখা। অধিনায়ক হিসেবে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন এবং চাপের মুখে শান্ত থেকে অবিশ্বাস্য সব সেভ করেছেন।
- কেন তিনি শ্রেষ্ঠ: কোয়ার্টার ফাইনালে প্যারাগুয়ের বিপক্ষে পেনাল্টি ঠেকানো এবং ফাইনাল ম্যাচে নেদারল্যান্ডসের আরিয়েন রবেনের সাথে ওয়ান-টু-ওয়ান পজিশনে নিশ্চিত গোলের শটটি পা দিয়ে আটকে দেওয়া স্পেনকে প্রথম বিশ্বকাপ এনে দেওয়ার মূল চাবিকাঠি ছিল।
- মূল অর্জন: ২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে নকআউট পর্বের কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং ফাইনাল কোনো ম্যাচেই গোল হজম করেননি তিনি। মোট ৫টি ক্লিন শিট নিয়ে স্পেনের প্রথম বিশ্বকাপ জয়ের পাশাপাশি প্রথম ‘গোল্ডেন গ্লাভস’ (নতুন নামের পুরস্কার) ঘরে তোলেন।
ম্যানুয়েল নয়ার (জার্মানি) – ২০১৪
২০১৪ বিশ্বকাপে ম্যানুয়েল নয়ার শুধু গোলই বাঁচাননি, তিনি গোলকিপিংয়ের আধুনিক ধারণাই বদলে দিয়েছিলেন। নয়ার প্রথাগত কিপারের গণ্ডি পেরিয়ে মাঠে একজন অতিরিক্ত ডিফেন্ডারের ভূমিকা পালন করতেন। ২০২৬ বিশ্বাকাপে খেলছেন দেখা যাক ইতিহাস ফিরি আনতে পারনে নাকি।
- কেন তিনি শ্রেষ্ঠ: তিনি খেলতেন ‘সুইপার-কিপার’ হিসেবে। প্রতিপক্ষের কাউন্টার অ্যাটাক রুখতে তিনি নিজের ডি-বক্স ছেড়ে মাঝমাঠের কাছাকাছি চলে আসতেন। আলজেরিয়ার বিপক্ষে ম্যাচে তাঁর এই সুইপার ভূমিকা জার্মানিকে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়া থেকে বাঁচিয়েছিল।
- মূল অর্জন: জার্মানিকে বিশ্বসেরা করার পাশাপাশি ৪টি ক্লিন শিট রাখেন এবং আধুনিক ফুটবলে ‘সুইপার-কিপার’ বিপ্লবের রূপকার হিসেবে গোল্ডেন গ্লাভস জয় করেন।
থিবো কোর্তোয়া (বেলজিয়াম) – ২০১৮
রাশিয়া বিশ্বকাপে বেলজিয়ামের ‘সোনালী প্রজন্ম’ সেমিফাইনালে ওঠার পেছনে প্রধান নায়ক ছিলেন ৬ ফুট ৭ ইঞ্চির এই দীর্ঘদেহী গোলরক্ষক। তাঁর দীর্ঘ হাত ও পায়ের নাগাল গলিয়ে গোলপোস্টের কোণা দিয়ে বল জড়ানো স্ট্রাইকারদের জন্য অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল।
- কেন তিনি শ্রেষ্ঠ: কোয়ার্টার ফাইনালে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে ম্যাচটিতে নেইমার ও কৌতিনহোর ৯টি নিশ্চিত গোলের শট ঠেকিয়ে দিয়ে তিনি ফুটবল বিশ্বে হইচই ফেলে দেন। তাঁর দূরপাল্লার শট ঠেকানোর ক্ষমতা ছিল অনন্য।
- মূল অর্জন: ২০১৮ বিশ্বকাপে চ্যাম্পিয়ন বা রানার্সআপ না হয়েও পুরো টুর্নামেন্টে সর্বোচ্চ ২৭টি অনবদ্য সেভ করে গোল্ডেন গ্লাভস ট্রফিটি নিজের করে নেন।
এমিলিয়ানো মার্টিনেজ (আর্জেন্টিনা) – ২০২২
কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার ৩৬ বছরের আক্ষেপ ঘোচানোর মূল কাণ্ডারি এমিলিয়ানো ‘দিবু’ মার্টিনেজ। তিনি কেবল একজন গোলরক্ষক নন, ছিলেন একজন দুর্দান্ত মনস্তাত্ত্বিক যোদ্ধা, যিনি প্রতিপক্ষের চোখের ভাষা পড়তে পারতেন।
- কেন তিনি শ্রেষ্ঠ: নকআউট পর্বে নেদারল্যান্ডস এবং ফাইনালে ফ্রান্সের বিপক্ষে টাইব্রেকারে তাঁর বীরত্ব আজীবন রূপকথা হয়ে থাকবে। তবে তাঁর শ্রেষ্ঠত্বের সবচেয়ে বড় মুহূর্তটি ছিল ফাইনাল ম্যাচের অতিরিক্ত সময়ের একেবারে শেষ মিনিটে (১২৩তম মিনিট) ফ্রান্সের কোলো মুয়ানির নেওয়া নিশ্চিত ভলিটি বাম পা দিয়ে রুখে দেওয়া, যা না হলে আর্জেন্টিনা রানার্সআপ হয়ে মাঠ ছাড়তো।
- মূল অর্জন: টাইব্রেকার স্পেশালিস্ট হিসেবে আর্জেন্টিনাকে বিশ্বচ্যাম্পিয়ন করা। এছাড়া ইউরোপের টানা ৭ বারের আধিপত্য ভেঙে প্রথম লাতিন আমেরিকান গোলরক্ষক হিসেবে বিশ্বকাপের ‘গোল্ডেন গ্লাভস’ জয়ের অনন্য কীর্তি গড়েন।
২০২৬: পরবর্তী গোল্ডেন গ্লাভস কার?
২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে প্রশ্ন উঠছে—পরবর্তী গোল্ডেন গ্লাভস কার হাতে উঠবে? বর্তমান প্রজন্মের গোলরক্ষকদের মধ্যে মাইক মেনিয়াঁ, ডিওগো কোস্তা, জর্জি মামারদাশভিলি, আন্দ্রে ওনানা কিংবা কোবেেলদের নাম আলোচনায় রয়েছে। তবে বিশ্বকাপ সবসময় নতুন নায়কের জন্ম দেয়। তাই ২০২৬ সালের গোল্ডেন গ্লাভস বিজয়ী হয়তো এমন কেউ হবেন, যিনি এখনো বিশ্বমঞ্চে নিজের সেরাটা দেখানোর অপেক্ষায় আছেন।
গোল্ডেন গ্লাভসের কিছু রোমাঞ্চকর তথ্য
গোলদাতারা সাধারণত সবচেয়ে বেশি আলোচনায় থাকেন, কিন্তু বিশ্বকাপ জয়ের পথে একজন গোলরক্ষকের অবদান অনেক সময় নির্ধারণ করে দেয় পুরো টুর্নামেন্টের ভাগ্য। মিশেল প্রুদহোম থেকে শুরু করে এমিলিয়ানো মার্টিনেজ পর্যন্ত প্রতিটি গোল্ডেন গ্লাভস বিজয়ী নিজেদের সময়ে অনন্য ছিলেন। তাদের অসাধারণ সেভ, নেতৃত্ব এবং মানসিক দৃঢ়তা বিশ্বকাপকে করেছে আরও রোমাঞ্চকর।
- একমাত্র ডাবল জয়ী: জার্মানির অলিভার কান একমাত্র গোলরক্ষক যিনি একই বিশ্বকাপে সেরা খেলোয়াড় (গোল্ডেন বল) এবং সেরা গোলরক্ষক (গোল্ডেন গ্লাভস) হয়েছেন।
- বিদায় নিয়েও সেরা: মিশেল প্রুদহোম (১৯৯৪) এবং থিবো কোর্তোয়া (২০১৮) চ্যাম্পিয়ন বা রানার্সআপ না হয়েও এই পুরস্কার জেতেন।
- লাতিন আমেরিকার প্রথম: ২০২২ সালে আর্জেন্টিনার এমিলিয়ানো মার্টিনেজ গোল্ডেন গ্লাভস জেতার আগে, টানা সাতবার এই পুরস্কার জিতেছিলেন ইউরোপের গোলরক্ষকরা। মার্টিনেজই প্রথম লাতিন আমেরিকান গোলরক্ষক যিনি এই ট্রফি উঁচিয়ে ধরেন।
