আমরা এখানে এসেছি শুধু অংশ নিতে নয়, আমাদের অস্তিত্ব জানান দিতে- লিয়ান্দ্রো বাকুনা, অধিনায়ক
কল্পনা করুন আপনার পুরো শহরের জনসংখ্যা নিয়ে আপনি নামছেন বিশ্বকাপের মাঠে। হ্যাঁ, ঠিক শুনেছেন। কুরাসাও ক্যারিবিয়ানের বুকে নীল জলরাশি ঘেরা একটি ছোট্ট দ্বীপরাষ্ট্র ইতিহাস গড়তে চলেছে ২০২৬ বিশ্বকাপে।
একটি দেশ যার আয়তন মাত্র ৪৪৪ বর্গকিলোমিটার (ঢাকা শহরের প্রায় অর্ধেকের সমান)। জনসংখ্যা মাত্র ১,৫৬,০০০। ২০১৮ সালে আইসল্যান্ড (৩,৩০,০০০ জন) যখন বিশ্বকাপ খেলেছিল তখন রেকর্ডটা তাদের ছিল। এবার কুরাসাও ভেঙে দিয়েছে সেই রেকর্ড। তারা এখন বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে ছোট দেশ।
কুরাসাও ছোট্ট দ্বীপ, বড় স্বপ্ন দেশটির পরিচয়
কুরাসাও নামটা শুনতে যেমন মিষ্টি, দেখতেও তেমনি। এটি নেদারল্যান্ডের একটি স্বায়ত্তশাসিত রাষ্ট্র। মানে তাদের নিজস্ব সরকার ও প্রধানমন্ত্রী আছে। কিন্তু বৈদেশিক সম্পর্ক ও প্রতিরক্ষা দেখে ডাচরা।
- ভৌগোলিক অবস্থান: ক্যারিবীয় সাগরে ভেনেজুয়েলা উপকূল থেকে মাত্র ৪০ মাইল দূরে অবস্থিত একটি স্বর্গীয় সুন্দর দ্বীপদেশ।
- আয়তন ও জনসংখ্যা: দেশটির জনসংখ্যা মাত্র ১ লাখ ৫৮ হাজার-এর কিছু বেশি এবং আয়তন মাত্র ৪৪৪ বর্গকিলোমিটার (যা আমাদের রাজধানী ঢাকার প্রায় অর্ধেক!)।
- রাজধানী: উইলেমস্টাড, ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। এখানকার ঘরবাড়ি যেন রং-বেরঙের ক্যান্ডি বাক্স। গোলাপি, নীল, হলুদ, সবুজ—চোখ জুড়ানো এক শৈল্পিক নগরী।
- ভাষা: পাপিয়ামেন্টো (স্থানীয় ক্রেওল ভাষা), ডাচ, ইংরেজি ও স্প্যানিশ। একটা জায়গায় চার ভাষা! ফুটবলাররা যখন মাঠে গালাগালি দেয়, সেটা কোন ভাষায় দেয় সেটাই ভাবনার বিষয়।
- খাবার: কেশি ইয়েনা পনির ভর্তা মাংসের বল। মুখে দিলেই ক্যারিবিয়ানের স্বাদ।
- ইতিহাস: অতীথ অবশ্য মিষ্টি নয়। একসময় এটি দাস ব্যবসার কেন্দ্র ছিল। আফ্রিকা থেকে আনা ক্রীতদাসদের এখানে নিয়ে এসে সারাদেশে ছড়িয়ে দেওয়া হতো। সেই বেদনার ইতিহাস আজ স্বপ্ন দেখার জায়গায় রূপ নিয়েছে।
কুরাসাওয়ের সমর্থকদের ডাকা হয় 'ব্লু ওয়েভ'। তাদের জার্সির রং নীল। উজ্জ্বল, গাঢ় নীল—যেন ক্যারিবিয়ানের সমুদ্রের রং।
কুরাসাও জাতীয় ফুটবল দলের জন্ম
২০১০ সালে নেদারল্যান্ডস অ্যান্টিলিস বিলুপ্ত হওয়ার পর কুরাসাও একটি পৃথক ফুটবল দল হিসেবে আন্তর্জাতিক ফুটবলে যাত্রা শুরু করে। এরপর FIFA ও CONCACAF-এর সদস্য হিসেবে তারা বিশ্বকাপ ও আঞ্চলিক প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পায়।
শুরুটা সহজ ছিল না। সীমিত অবকাঠামো, কম জনসংখ্যা এবং অভিজ্ঞতার অভাব ছিল বড় চ্যালেঞ্জ। তবে ধীরে ধীরে ইউরোপে বেড়ে ওঠা কুরাসাও বংশোদ্ভূত খেলোয়াড়দের দলে অন্তর্ভুক্ত করে তারা নিজেদের শক্তি বাড়াতে শুরু করে।
ফুটবল বিশ্বমঞ্চে কুরাসাওয়ের রূপকথা
২০২৬ বিশ্বকাপ ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় চমক এই কুরাসাও। তারা বিশ্বমঞ্চে এমন কিছু রেকর্ড ও গল্প তৈরি করেছে যা আপনার আকর্ষণ করতে পারে:
- ইতিহাসের ক্ষুদ্রতম দেশ: জনসংখ্যা ও আয়তন—উভয় দিক থেকেই কুরাসাও বিশ্বকাপের ইতিহাসে যোগ্যতা অর্জনকারী সর্বকনিষ্ঠ ও ক্ষুদ্রতম দেশ।
- অবিশ্বাস্য উত্থান: ২০১০ সালের আগে আন্তর্জাতিক ফুটবলে কুরাসাওয়ের আলাদা কোনো অস্তিত্বই ছিল না (তারা নেদারল্যান্ডস অ্যান্টিলিসের অংশ ছিল)। মাত্র ১৫ বছর আগে পথ চলা শুরু করে এবং এক দশক আগেও ফিফা র্যাঙ্কিংয়ে ১৫০ নম্বরে থাকা দলটি আজ বিশ্বমঞ্চে!
- অপরাজিত যাত্রা: কনকাকাফ অঞ্চলের বাছাইপর্বে জ্যামাইকা, হাইতি ও ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর মতো শক্তিশালী দলকে পেছনে ফেলে ১০ ম্যাচে অপরাজিত থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে তারা মূল পর্বের টিকিট কাটে।
বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জনের গল্প
এবার আসি সেই রাতে, যার জন্য গোটা কুরাসাও এখনও চোখের জল ফেলে আনন্দে নাচে গর্ব করে অহংকার করে।
- কনকাকাফ অঞ্চলের বাছাইপর্ব: কুরাসাও ১০ ম্যাচে অপরাজিত ছিল। ৭ জয়, ৩ ড্র। দারুণ এক অভিযান।
- ফাইনাল ম্যাচ: জ্যামাইকার কিংস্টনে। স্টেডিয়াম কানায় কানায় পূর্ণ। প্রতিপক্ষ জ্যামাইকা—অঞ্চলের পরাশক্তি। ম্যাচ ড্র করলেই কুরাসাও বিশ্বকাপ নিশ্চিত।
- ৯০ মিনিট: স্কোরলাইন ১-১। ইনজুরি টাইম চলছে। হঠাৎ করেই রেফারি পেনাল্টির বাঁশি বাজালেন—জ্যামাইকার পক্ষে। পুরো কুরাসাও থমকে গেল।
- একটা পেনাল্টি মানেই তাদের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যাওয়া।
- ভিএআর মুহূর্ত: রেফারি ভিডিও রিপ্লে দেখতে গেলেন। পুরো কুরাসাওয়ের ১,৫৬,০০০ মানুষ টিভির সামনে বসে। হৃদপিণ্ড যেন বন্ধ হয়ে যাচ্ছিল। রেফারি ফিরে এলেন। সিদ্ধান্ত? পেনাল্টি বাতিল! ভিএআর দেখিয়েছিল, ফাউলটি বক্সের একদম বাইরে হয়েছিল। কুরাসাও বেঁচে গেল।
ম্যাচ শেষে অধিনায়ক বাকুনা কাঁদছিলেন। গোলরক্ষক এলয় রুম আকাশের দিকে তাকিয়ে বলছিলেন—"এটা ঈশ্বরের ইচ্ছা ছিল।" এই মুহূর্তেই ইতিহাস তৈরি হলো। একটি দেশ, যার জনসংখ্যা নিউ ইয়র্ক সিটির একটি ব্লকের চেয়েও কম, বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করল!
জানালাবিহীন স্কুল বাস ও খালি পায়ের ফুটবল!
কুরাসাওয়ের এই বিশ্বকাপ যাত্রার পেছনে রয়েছে এক চরম আবেগঘন ও অনুপ্রেরণাদায়ী গল্প। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও তুমুল ভাইরাল হয়েছে। যেখানে দেখা যায়, বিশ্বকাপের টিকিট পাওয়া এই ফুটবলাররা কোনো বিলাসবহুল বাসে নয়, বরং একটি পুরনো জানালাবিহীন স্কুল বাসে করে যাতায়াত করছেন!
শুধু তাই নয়, দলের পরিকাঠামো এতটাই সীমিত যে, দলের অনেক খেলোয়াড় বিশ্বকাপের প্রস্তুতির জন্য নিজেদের দেশের সৈকতে খালি পায়ে অনুশীলন করেছেন। এই গল্পটাই প্রমাণ করে, ফুটবল মাঠে নামার জন্য অঢেল টাকা নয়, বরং বুকে এক চিলতে স্বপ্ন আর বুকভরা ইচ্ছাশক্তিই যথেষ্ট।
ডাচ লিগের কারিগর আর ক্যারিবিয়ানের আবেগ
একটি মজার তথ্য ২০২৬ কুরাসাও দলে ২৬ জন খেলোয়াড়ের মধ্যে ২৫ জনই নেদারল্যান্ডসে জন্মেছেন। মাত্র একজন তাহিথ চং (সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড ও লুটন টাউন) দ্বীপটিতেই জন্মেছেন।
এর মানে কী? পুরো দলটি ডাচ ফুটবল একাডেমির প্রোডাক্ট। আয়াক্স, ফেইয়েনুর্ড, পিএসভি-তে তৈরি ফুটবলাররা। কিন্তু হল্যান্ডের হয়ে খেলার সুযোগ পাননি। তাই তারা তাদের শেকড়ের দেশ কুরাসাওকে বেছে নিয়েছেন।
কুরাসাও ফুটবল তারকারা
- লিয়ান্দ্রো বাকুনা (অধিনায়ক): সাবেক অ্যাস্টন ভিলা খেলোয়াড়। ডান প্রান্তের এই ফুলব্যাক দলের মেরুদণ্ড।
- এলয় রুম (গোলরক্ষক): ৩৮ বছর বয়সী এই অভিজ্ঞ গোলরক্ষক এখনও দারুণ ফিট। তার স্লোগান—"শুধু সেই খেলুক, যার এ দেশের হয়ে খেলার ইচ্ছে আছে।"
- জুনিয়র বাকুনা: লিয়ান্দ্রোর ছোট ভাই। একসঙ্গে মাঠে নামবেন দুই ভাই!
- কোচ ডিক অ্যাডভোকেট: বয়স ৭৮ বছর। বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বয়স্ক কোচ। এটা তার শেষ বিশ্বকাপ। তিনি জার্মানি-৯০, নেদারল্যান্ডস-৯৪, বেলজিয়াম-২০০৬ ইত্যাদি কোচিং করেছেন। এবার শেষ অধ্যায় লিখবেন কুরাসাওয়ের হয়ে।
২০২৬ বিশ্বকাপে কুরাসাওয়ের সময়সূচী (গ্রুপ-ই)
গ্রুপ 'ই'-তে কুরাসাও খেলবে জার্মানি, ইকুয়েডর এবং আইভরি কোস্টের মতো পরাশক্তিদের বিপক্ষে। তারা জানে না তারা গ্রুপ পেরোবে। তারা চায় শুধু একটি পয়েন্ট। অথবা একটি গোল অথবা একটি ম্যাচে সমান সমান লড়াই। কোচ ডিক অ্যাডভোকেট- আমরা যদি জার্মানির বিপক্ষে ১-০ হেরে যাই, তবুও পুরো ক্যারিবিয়ান আমাদের নিয়ে গর্ব করবে।
- ১৪ জুন জার্মানি বনাম কুরাসাও হিউস্টন, টেক্সাস
- ২০ জুন ইকুয়েডর বনাম কুরাসাও কানসাস সিটি, মিসৌরি
- ২৫ জুন কুরাসাও বনাম আইভরি কোস্ট ফিলাডেলফিয়া, পেনসিলভেনিয়া
ফুটবল মানে শুধু ট্রফি না
বড় দলগুলোর চোখে কুরাসাও হয়তো নেহাতই 'এক্সট্রা টুইস্ট'। যে দলের সাথে খেললে ৫-০ বা ৬-০ ব্যবধানে জেতা যায়। কিন্তু কুরাসাওয়ের কাছে এই বিশ্বকাপ মানে আরও কিছু।এটা তাদের জন্য অস্তিত্বের লড়াই। হারিয়ে যাওয়া এক ইতিহাসের পুনর্জাগরণ। ডাচ ও ক্যারিবিয়ানের মিলিত সেতু।
যখন এলয় রুম তার পোস্টের নিচে দাঁড়িয়ে জার্মানির তোপ সামলাবে, তখন সে শুধু গোল বাঁচাবে নাসে বাঁচাবে একটি জাতির স্বপ্ন। যখন বাকুনা ভাইরা প্রিয় প্রতিপক্ষের বিপক্ষে ট্যাকেল করবে, তারা শুধু বল কেড়ে নেবে না তারা প্রমাণ করবে, ১৫৬,০০০ মানুষও বিশ্বমঞ্চে গর্জন করতে পারে।
তো এই বিশ্বকাপে চোখ রাখবেন কুরাসাওয়ের 'ব্লু ওয়েভ'-এর দিকে। তারা হয়তো জিতবে না। কিন্তু তারা হারাবে না তাদের আবেগ, তাদের গল্প, তাদের হাসি। কারণ ফুটবল মানে শুধু ট্রফি নয়। আমাদের শুভ কামনা।
