যেদিন বন্ধু চলে যাব, চলে যাব বহুদূরেক্ষমা করে দিও আমায়, ক্ষমা করে দিওমনে রেখো কেবল একজন ছিলভালোবাসতো শুধু তোমাদের
বাংলা ব্যান্ড সংগীতের ইতিহাসে এক উজ্জ্বল ও অনন্য নাম ফারুক মাহফুজ আনাম জেমস। সংগীতপ্রেমীদের কাছে তিনি শুধু জেমস নামেই পরিচিত। নব্বইয়ের দশক থেকে শুরু করে আজও তাঁর কণ্ঠ, স্বতন্ত্র গায়কী, গভীর আবেগময় পরিবেশনা এবং জীবনঘনিষ্ঠ গান প্রজন্মের পর প্রজন্মের শ্রোতাকে মুগ্ধ করে রেখেছে। ভালোবাসা, বিরহ, প্রতিবাদ, একাকিত্ব কিংবা জীবনের কঠিন বাস্তবতা সবকিছুকেই তিনি গানে এমনভাবে তুলে ধরেছেন, যা বাংলা ব্যান্ড সংগীতকে দিয়েছে এক নতুন মাত্রা।
নওগাঁর পত্নীতলায় জন্ম হলেও জেমসের শিল্পীজীবনের প্রকৃত উত্থান চট্টগ্রামে। আজিজ বোর্ডিংয়ের সংগ্রামী দিনগুলো, স্বপ্নপূরণের নিরন্তর লড়াই এবং ব্যান্ড সংগীতের প্রতি অদম্য ভালোবাসাই তাঁকে একসময় দেশের অন্যতম জনপ্রিয় শিল্পীতে পরিণত করে। পরবর্তীতে ফিলিংস এবং নগর বাউল ব্যান্ডের মাধ্যমে তিনি যেমন বাংলা রক সংগীতের ইতিহাসে কিংবদন্তির আসনে অধিষ্ঠিত হয়েছেন, তেমনি তাঁর একক অ্যালবামগুলোও বাংলা গানের ভাণ্ডারে অমূল্য সম্পদ হিসেবে স্থান করে নিয়েছে।
তাই জেমস আজ কেবল একটি নাম নন তিনি একটি উন্মাদনা, একটি দীর্ঘশ্বাস, একটি প্রজন্মের স্মৃতি এবং কোটি ভক্তের অকৃত্রিম ভালোবাসার প্রতীক। ১৯৮৭ সালে প্রকাশিত ‘অনন্যা’ অ্যালবামের মাধ্যমে একক শিল্পী হিসেবে তাঁর যাত্রা শুরু। এরপর একে একে তিনি উপহার দিয়েছেন ‘পালাবে কোথায়’, ‘দুঃখিনী দুঃখ করোনা’, ‘ঠিক আছে বন্ধু’, ‘আমি তোমাদেরই লোক’, ‘জনতা এক্সপ্রেস’, ‘তুফান’ এবং ‘কাল যমুনা’-র মতো শ্রোতাপ্রিয় ও কালজয়ী অ্যালবাম। প্রতিটি অ্যালবামেই রয়েছে সময়কে অতিক্রম করা অসংখ্য গান, যা আজও সমান জনপ্রিয় এবং নতুন শ্রোতাদের কাছেও সমানভাবে গ্রহণযোগ্য।
আজকের আয়োজনে থাকছে নগর বাউল জেমসের একক অ্যালবামের ডিস্কোগ্রাফি (পর্ব–১)। এই পর্বে তুলে ধরা হবে তাঁর একক সংগীতজীবনের সূচনালগ্ন, অ্যালবামগুলোর প্রকাশ-ইতিহাস, উল্লেখযোগ্য গান এবং বাংলা ব্যান্ড সংগীতে সেগুলোর প্রভাব ও গুরুত্ব।
🎵 জেমস – অনন্যা (১৯৮৭)
১৯৮৭ সালে সারগাম মিউজিক-এর ব্যানারে প্রকাশিত হয় জেমসের প্রথম একক অ্যালবাম ‘অনন্যা’। একজন তরুণ শিল্পীর মিষ্টি, কোমল ও পরিশীলিত কণ্ঠে গাওয়া এই অ্যালবামটি বাংলা আধুনিক গানের ধারায় এক ভিন্ন আবহ তৈরি করেছিল। সুর, সংগীতায়োজন এবং গায়কীতে ছিল সতেজতা ও নির্মল আবেগের এক অপূর্ব মেলবন্ধন, যা অ্যালবামটির নামের মতোই একে সত্যিকার অর্থে ‘অনন্য’ করে তুলেছিল।
আজকের শ্রোতা যদি প্রথমবার ‘অনন্যা’ শোনেন, তবে অনেকের কাছেই বিশ্বাস করা কঠিন হতে পারে যে এটি জেমসেরই কণ্ঠ। কারণ পরবর্তীকালে যে কর্কশ, ভারী ও স্বতন্ত্র ভোকাল স্টাইলের জন্য তিনি কিংবদন্তি হয়ে ওঠেন, এই অ্যালবামে তার পরিবর্তে শোনা যায় এক কোমল, স্নিগ্ধ ও মেলোডিয়াস কণ্ঠস্বর। সেই দিক থেকে ‘অনন্যা’ জেমসের গায়কী বিবর্তনের এক গুরুত্বপূর্ণ দলিল।
অ্যালবামটির ১১টি গানের প্রতিটির সুর ও সংগীত পরিচালনা করেছেন জেমস নিজেই। আর সব গানের কথা লিখেছেন গীতিকার আসিফ ইকবাল। নিজের সুরসৃষ্টির দক্ষতা এবং সংগীতভাবনার স্বাক্ষর রেখে প্রথম একক অ্যালবামেই জেমস জানান দিয়েছিলেন, তিনি কেবল একজন গায়ক নন তিনি একজন পূর্ণাঙ্গ সংগীতশিল্পী, যার সৃজনশীলতা পরবর্তী সময়ে বাংলা ব্যান্ড সংগীতকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।
📀 অ্যালবাম তথ্য: অনন্যা-জেমস
- অ্যালবামের নাম: অনন্যা
- প্রকাশকাল: ১৯৮৭
- রেকর্ড লেবেল: সারগাম
- মোট গান: ১১ টি
- সুর ও সংগীত : জেমস
- সংগীত মিশ্রণ: পান্না আজম ও দুলাল
- রেকর্ডিং স্টুডিও: অডিও আর্ট
🎸 যারা বাজিয়েছেন
- ড্রামস: ফান্টি || বেস: খায়েম || কি-বোর্ড: ইমন || বাঁশী: প্যাবলো || গিটার: জেমস।
🎧 ট্রাক লিস্ট: অনন্যা-জেমস
✍ কথা: আসিফ ইকবাল
২. ফেরারি
✍ কথা: আসিফ ইকবাল
৩. দুরন্ত মেয়ে
✍ কথা: আসিফ ইকবাল
৪. অনন্যা
✍ কথা: আসিফ ইকবাল
৫. রংবাজ
✍ কথা: আসিফ ইকবাল
৬. রাজনীতি
✍ কথা: আসিফ ইকবাল
৭. পলাতক
✍ কথা: আসিফ ইকবাল
৮. রাতের ট্রেন
✍ কথা: আসিফ ইকবাল
৯. হৃদয়ের দাবিতে
✍ কথা: আসিফ ইকবাল
১০. টেলিফোন
✍ কথা: আসিফ ইকবাল
১১. তুমি জান
✍ কথা: আসিফ ইকবাল
🎵 জেমস – পালাবে কোথায় (১৯৯৫)
১৯৯৫ সালে সারগাম মিউজিক-এর ব্যানারে প্রকাশিত হয় জেমসের দ্বিতীয় একক অ্যালবাম ‘পালাবে কোথায়’। এই অ্যালবামেই শ্রোতারা আবিষ্কার করেন জেমসের কণ্ঠের এক নতুন, পরিণত ও বহুমাত্রিক রূপ। তাঁর গায়কীতে যেমন উঠে এসেছে নগরজীবনের একাকিত্ব ও বাস্তবতা, তেমনি ধরা দিয়েছে গভীর প্রেম-বিরহ, আত্মঅনুসন্ধান এবং জীবনের নানা দর্শন। সুর, কথা ও পরিবেশনার বৈচিত্র্যে ‘পালাবে কোথায়’ বাংলা আধুনিক ও ব্যান্ডসংগীতের অন্যতম স্মরণীয় একক অ্যালবামে পরিণত হয়।
অ্যালবামটির প্রতিটি গানই নিজস্ব স্বাতন্ত্র্যে উজ্জ্বল। ‘পালাবে কোথায়’, ‘প্রিয় আকাশী’, ‘নাজায়েজ’, ‘পূর্ণিমা নৃত্য’, ‘হেরেমে বন্দিনী’ এবং ‘ভালোবাসার যৌথ খামার’ প্রতিটি গানই সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আজও শ্রোতাদের হৃদয়ে সমান জনপ্রিয়। বিশেষ করে ‘ভালোবাসার যৌথ খামার’ গানটি তার ব্যতিক্রমী কথা, সুর ও আবেগঘন পরিবেশনার কারণে অ্যালবামের অন্যতম প্রিয় গান হিসেবে বিবেচিত হয়।
‘পালাবে কোথায়’ শুধু একটি সফল অ্যালবামই নয়, এটি জেমসের একক সংগীতজীবনের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এই অ্যালবামের মাধ্যমেই তিনি প্রমাণ করেন যে, রক ঘরানার পাশাপাশি মেলোডি, দর্শনধর্মী গান এবং জীবনমুখী কথার উপস্থাপনাতেও তিনি সমান দক্ষ একজন শিল্পী।
📀 অ্যালবাম তথ্য: পালাকে কোথায়-জেমস
- অ্যালবামের নাম: পালাবে কোথায়
- প্রকাশকাল: ১৯৯৫
- রেকর্ড লেবেল: সারগাম
- মোট গান: ১০ টি
- সুর ও সংগীত : জেমস
- আলোকচিত্র: ইমতিয়াজ আলম বেগ
- সংগীত মিশ্রণ: চারু ও আজম বাবু
- রেকর্ডিং স্টুডিও: অডিও আর্ট
🎸 যারা বাজিয়েছেন
- ড্রামস: ফান্টি || বেস: বাবু ও চারু || কি-বোর্ড: সোহেল, আসাদ, প্যাবলো || বাঁশী: প্যাবলো || বেহালা: সুনীল চন্দ্র দাস || গিটার: জেমস।
🎧 ট্রাক লিস্ট: পালাবে কোথায়- জেমস
✍ কথা: লতিফুল ইসলাম শিবলী
২. প্রিয় আকাশী
✍ কথা: লতিফুল ইসলাম শিবলী
৩. নাযায়েজ
✍ কথা: চারু
৪. পূর্নিমা নৃত্য
✍ কথা: লতিফুল ইসলাম শিবলী
৫. হেরেমের বন্দিনী
✍ কথা: লতিফুল ইসলাম শিবলী
৬. সাদা এ্যাস্ট্রেটা
✍ কথা: বাপ্পী খান
৭. ভুলব কেমন করে
✍ কথা: বাপ্পী খান
৮. সাড়ে তিন হাত ভূমি
✍ কথা: লতিফুল ইসলাম শিবলী
৯. জবাব চাই
✍ কথা: মোরশেদ
১০. ভালবাসার খামার
✍ কথা: লতিফুল ইসলাম শিবলী
🎵 জেমস – দুঃখিনী দুঃখ করোনা (১৯৯৭)
১৯৯৭ সালে সাউন্ডটেক-এর ব্যানারে প্রকাশিত হয় জেমসের তৃতীয় একক অ্যালবাম ‘দুঃখিনী দুঃখ করোনা’। অনেক সংগীতপ্রেমীর কাছে এটি শুধু জেমসের নয় বাংলা আধুনিক ও ব্যান্ডসংগীতের ইতিহাসের অন্যতম সেরা একক অ্যালবাম। সময়ের পর সময় পেরিয়ে গেলেও এর আবেদন এতটুকু কমেনি; বরং প্রতিটি নতুন প্রজন্মের শ্রোতার কাছেও অ্যালবামটি সমানভাবে প্রাসঙ্গিক ও প্রিয়।
এই অ্যালবামের সবচেয়ে বড় শক্তি হলো এর প্রতিটি গানের স্বাতন্ত্র্য। সুর, কথা, সংগীতায়োজন এবং জেমসের হৃদয়ছোঁয়া কণ্ঠ সবকিছু মিলিয়ে প্রতিটি গান যেন একেকটি আলাদা গল্প। প্রেম, বিরহ, একাকিত্ব, জীবনবোধ এবং মানুষের অন্তর্গত অনুভূতিগুলো এমন গভীর আবেগে ফুটে উঠেছে যে, গানগুলো আজও শ্রোতার হৃদয়ে একই রকম আলোড়ন তোলে।
‘দুঃখিনী দুঃখ করোনা’ কেবল একটি সফল অ্যালবাম নয়, এটি জেমসের সৃজনশীলতার এক উজ্জ্বল নিদর্শন। অনেকের মতে, এই অ্যালবামের প্রতিটি গানই একেকটি কালজয়ী সৃষ্টি যেখানে প্রতিটি সুর, প্রতিটি শব্দ এবং প্রতিটি অনুভূতিতে যেন লুকিয়ে আছে এক অনন্য জাদু।
📀 অ্যালবাম তথ্য: দুঃখিনী দুঃখ করোনা- জেমস
- অ্যালবামের নাম: দুঃখিনী দুঃখ করোনা
- প্রকাশকাল: ১৯৯৭
- রেকর্ড লেবেল: সাউন্ডটেক
- মোট গান: ১২ টি
- সুর ও সংগীত : জেমস
- আলোকচিত্র: জাবেদ আখতার সুমন
- সংগীত মিশ্রণ: চারু ,আসাদ এবং প্রয়াত ইমরান আহমেদ চৌধুরী মবিন
- রেকর্ডিং স্টুডিও: সাউন্ড গার্ডেন
🎸 যারা বাজিয়েছেন
- ড্রামস: ফান্টি || বেস: বাবু ও বার্টিন || কি-বোর্ড: আসাদ ও সুমন || বেহালা: সুনীল চন্দ্র দাস || গিটার: জেমস।
🎧 ট্রাক লিস্ট: দুঃখিনী দুঃখ করোনা- জেমস
✍ কথা: আসাদুল্লাহ দেহলভী
২. বিবাগী
✍ কথা: লতিফুল ইসলাম শিবলী
৩. গীটার কাঁদতে জানে
✍ কথা: লতিফুল ইসলাম শিবলী
৪. জিকির
✍ কথা: আসাদুল্লাহ দেহলভী
৫. লুটপাট
✍ কথা: আসাদুল্লাহ দেহলভী
৬. সবুজ উড়না উড়ে যায়
✍ কথা: আসাদুল্লাহ দেহলভী
৭. ঈশ্বর আছে
✍ কথা: আসাদুল্লাহ দেহলভী
৮. সুলতানা বিবিয়ানা
✍ কথা: আসাদুল্লাহ দেহলভী
৯. তুমি যদি নদী হও
✍ কথা: আসাদুল্লাহ দেহলভী
১০. যার যার ধর্ম
✍ কথা: আসাদুল্লাহ দেহলভী
১১. যদি কখনও
✍ কথা: আসাদুল্লাহ দেহলভী
১২. ঘুমাও
✍ কথা: লতিফুল ইসলাম শিবলী
All
🎵 জেমস – ঠিক আছে বন্ধু (১৯৯৯)
১৯৯৯ সালে প্রকাশিত ‘ঠিক আছে বন্ধু’ জেমসের একক সংগীতজীবনের অন্যতম কালজয়ী অ্যালবাম। সুর, কথা, সংগীতায়োজন এবং জেমসের আবেগময় কণ্ঠের দুর্দান্ত সমন্বয়ে অ্যালবামটি প্রকাশের পরপরই ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। সময়ের ব্যবধানে এটি শুধু একটি সফল অ্যালবাম নয়, বরং বাংলা ব্যান্ডসংগীতের ইতিহাসে একটি ক্লাসিক সৃষ্টি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।
এই অ্যালবামের আরেকটি বিশেষ দিক হলো এর গীতিকারদের পরিচয়। গানগুলোর কথা লিখেছেন মেছের মণ্ডল, লোকনাথ এবং মারজুক রাসেল। বর্তমান প্রজন্মের কাছে মারজুক রাসেল সুপরিচিত একটি নাম হলেও, দীর্ঘদিন ধরেই সংগীতপ্রেমীদের মনে প্রশ্ন ছিল—মেছের মণ্ডল ও লোকনাথ আসলে কারা?
এর উত্তরটি বেশ চমকপ্রদ। ‘মেছের মণ্ডল’ ছদ্মনামের আড়ালে ছিলেন স্বয়ং জেমস। আর ‘লোকনাথ’ নামটি ব্যবহার করেছিলেন জেমসের অসংখ্য জনপ্রিয় গানের স্রষ্টা, প্রয়াত গীতিকবি আনন্দ। নিজেদের পরিচয় গোপন রেখে এমন ছদ্মনামে গান লেখার এই ঘটনা বাংলা ব্যান্ডসংগীতের ইতিহাসে এক ব্যতিক্রমী অধ্যায়।
পর্দার আড়ালের এই গল্প শুধু একটি অ্যালবামের তথ্য নয়; এটি সেই সময়ের সৃজনশীল সংগীতচর্চারও একটি স্মারক। আজও জেমস-ভক্তদের কাছে ‘ঠিক আছে বন্ধু’ যেমন তার গানগুলোর জন্য প্রিয়, তেমনি এর গীতিকারদের এই রহস্যময় পরিচয়ও বাংলা ব্যান্ডসংগীতের এক আকর্ষণীয় নস্টালজিয়া হয়ে আছে।
📀 অ্যালবাম তথ্য: ঠিক আছে বন্ধু- জেমস
- অ্যালবামের নাম: ঠিক আছে বন্ধু
- প্রকাশকাল: ১৯৯৯
- রেকর্ড লেবেল: সাউন্ডটেক
- মোট গান: ১০ টি
- সুর ও সংগীত : জেমস
- আলোকচিত্র: এ.কে.এম আবদুল্লাহ
- সংগীত মিশ্রণ: দূরে, চারু ও আসাদ
- রেকর্ডিং স্টুডিও: সাউন্ড গার্ডেন
🎧 ট্রাক লিস্ট: ঠিক আছে বন্ধু- জেমস
✍ কথা: মেছের মন্ডল, লোকনাথ ও মারজুক রাসেল
২. মীরাবাঈ
✍ কথা: মেছের মন্ডল ও মারজুক রাসেল
৩. পত্র দিও
✍ কথা: লোকনাথ ও মারজুক রাসেল
৪.পাখি উড়ে যা
✍ কথা: লোকনাথ ও মারজুক রাসেল
৫. শারাবে শারাব
✍ কথা: মেছের মন্ডল, লোকনাথ ও মারজুক রাসেল
৬. কথা
✍ কথা: মেছের মন্ডল, লোকনাথ ও মারজুক রাসেল
৭. জাত যায়
✍ কথা: মেছের মন্ডল, লোকনাথ ও মারজুক রাসেল
৮. সুধাংশু
✍ কথা: মেছের মন্ডল ও লোকনাথ
৯. হা-ডু-ডু
✍ কথা: মেছের মন্ডল, লোকনাথ ও মারজুক রাসেল
১০. এমনও নিশিরাতে
✍ কথা: মেছের মন্ডল ও লোকনাথ
গুরুর একক সংগীতযাত্রার প্রথম অধ্যায়
ফারুক মাহফুজ আনাম থেকে আজকের ‘গুরু’ জেমস হয়ে ওঠার দীর্ঘ সংগীতযাত্রায় ‘অনন্যা’, ‘পালাবে কোথায়’, ‘দুঃখিনী দুঃখ করোনা’ এবং ‘ঠিক আছে বন্ধু’ এই চারটি অ্যালবাম ছিল তাঁর শিল্পীসত্তার সবচেয়ে শক্ত ভিত্তি। প্রতিটি অ্যালবামই জেমসের গায়কী, সুরসৃষ্টি ও সংগীতচিন্তার একেকটি নতুন অধ্যায়ের সূচনা করেছে। একদিকে যেমন ‘অনন্যা’-র কোমল, মেলোডিয়াস সুর শ্রোতাদের মুগ্ধ করেছে, অন্যদিকে ‘ঠিক আছে বন্ধু’-তে উঠে এসেছে জীবন, প্রেম, দর্শন এবং আত্মঅনুসন্ধানের আরও পরিণত প্রকাশ। এই চারটি অ্যালবামই পরবর্তীকালে বাংলা ব্যান্ডসংগীতের কিংবদন্তি ‘গুরু’ জেমসকে গড়ে তোলার পেছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ মাইলফলক।
তবে জেমসের একক সংগীতভাণ্ডারের গল্প এখানেই শেষ নয়। তাঁর সৃষ্টিশীলতার আরও উজ্জ্বল অধ্যায় অপেক্ষা করছে পরবর্তী পর্বে। সেখানে থাকছে ‘আমি তোমাদেরই লোক’, ‘জনতা এক্সপ্রেস’ এবং ‘তুফান’ অ্যালবামের প্রকাশ-ইতিহাস, জনপ্রিয় গান, অজানা গল্প এবং পর্দার আড়ালের নানা তথ্য।
গুরুর একক সংগীতজীবনের পরবর্তী অধ্যায় জানতে চোখ রাখুন আমাদের ব্লগে। বাংলা ব্যান্ডসংগীতের এই কিংবদন্তির সুর, গান ও ইতিহাসের আরও অজানা গল্প নিয়ে খুব শিগগিরই ফিরে আসছি।
YouTube Playlist: নগর বাউল জেমস-স্কুল ফিলিংস
(YouTube playlist থেকে সব গান দেখতে ভিডিওর উপরের ডানের আইকনে ক্লিক করুন)
