আহমদ ছফা ও ফকির আলমগীর: বন্ধুত্বের রসায়ন ও একটি সুরের সংঘাত
আহমদ ছফা গান লিখলেন সুরও করলেন। গানটা ফকির আলমগীরকে দিলেন গাওয়ার জন্য। টিভিতে গানটা প্রচারিত হবার পর আহমেদ ছফা ক্ষেপে আগুন। সুর ঠিক হয় নাই। ছুরি হাতে আজিজ মার্কটে গিয়ে ফকির আলমগীরকে খুঁজছেন, ফকিরকে আমি খুন কারবো।
কিংবদন্তি আহমেদ ছফা গণবুদ্ধিজীবী ছিলেন এবং কিংবদন্তি ফকির আলমগীর ছিলেন গণসঙ্গীত শিল্পী। আহমদ ছফা প্রায় ৬১টি গান রচনা করেছিলেন এতটুকু জানা যায়। তাঁর সুর ও গানের ্প্রতি অন্যরকম একটা আকর্ষন ছিল। তাঁর লেখা গান কোন শিল্পীর কন্ঠে প্রকাশিত হয়েছিল কিনা জানি না। তবে ফকির আলমগীরের সখিনা এলপি রেকর্ডে প্রকাশিত হয়েছিল। সালটা জানা নাই। প্রস্তুতকারক মানে অডিও প্রতিষ্ঠান ছিল ঢাকা রেকর্ড, বাংলাদেশ গ্রামোফোন কোম্পানি লিঃ। আর প্রযোজনা ছিল গীত বিতান। গীত বিতান ৪৫,আর.পি.এম রেকর্ড পরিবেশক ও এল.পি-০০৬৪। এল.পি দুই পাশে পাঁচটি করে মোট দশটি গান। এই রেকর্ডের ১ম দিকের ২ এবং ৫ নাম্বার রেকর্ড ট্রাক ছিল ঘর করলাম নারে আমি এবং ঘরের পরে তফাত আমার। এই দুটি গানের গীতিকার ছিলেন আহমদ ছফা। কিংবদন্তি ফকির আলমগীরের জগবিখ্যাত সখিনা গানের মত আহমদ ছফার লেখা ঘর করলাম নারে আমি সংসার করলাম না গানটিও জগৎবিখ্যাত। আহমদ ছফাকে নিয়ে লেখা পড়ে জানা যায় দুজনের বন্ধুত্ব ছিল। একই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। আড্ডাও দিতেন আজিজ মার্কেট। নিজেই ফকির আলমগীরকে গান দিয়েছিলেন এবং গানের সুর করে দিয়েছিলেন। সে সুর ছিল বেসুর। গানটি বিটিভিতে প্রচারিত হলে আহমদ ছফা সুর ঠিক হয় নাই সেজন্য ফকির আলমগীরকে মারার জন্য খুঁজছিলেন। বিখ্যাতদের অনেক মজার ঘটনা থাকে। আজকে থাকছে কিংবদন্তি আহমদ ছফা লেখা ও কিংবদন্তি ফকির এর গাওয়া তিনটি গানের কথা।
ফকির আলমগীরের কণ্ঠে ছফার অমর সৃষ্টি
🎶 ঘর করলাম নারে আমি
💿 এলপি: সখিনা
শিল্পী: ফকির আলমগীর
✍️ গীতিকার: আহমদ ছফা (১০.১১.১৯৭৭)
ঘর করলাম নারে আমি
সংসার করলাম না
আউল বাউল ফকির সেজে
ভেক নিলাম না।
মনের ঘরে প্রবেশ করে
মনকে কাছে পেলাম
জন্মদিনের মত আজো
শিশু থেকে গেলাম
ভালো মন্দের কোনো কিছুর
হিসাব নিলাম না
আউল বাউল ফকির সেজে
ভেক নিলাম না
ঘর করলাম নারে আমি
সংসার করলাম না।।
আঘাত পেলাম
ব্যঘাত পেলাম
পেলাম নারীর সুধা
বুকে তবু রোদন করে
জন্মান্তরের ক্ষুধা
এ জীবনে আমি কোনো
বাঁধন পরলাম না
আউল বাউল ফকির সেজে
ভেক নিলাম না
ঘর করলাম নারে আমি
সংসার করলাম না।।
আর সকলে ব্যস্ত যখন
পোড়া চোখে ঘুম
আমি মনের তাপে ফুটাইলাম
আকাশে কুসুম
দুর্বাদলে ঝিলিক খেলায়
শিশির জলের নোলক
ঢেউ দিলনা প্রাণ পাথালে
মুক্তি রসের শোলক
পন্থ হইলাম নারে আমি
পথিক হইলাম না
এই জীবনে আমি কোন
বাধন পরলাম না
আউল বাউল ফকির সেজে
ভেক নিলাম না
ঘর করলাম নারে আমি
সংসার করলাম না।।
🎶 ঘরে পরে তফাত আমার
💿 এলপি: সখিনা
শিল্পী: ফকির আলমগীর
✍️ গীতিকার: আহমদ ছফা (১৯.১১.১৯৭৭)
ঘরে পরে তফাত আমার
কখন গেছে ঘুচে
তবু লোকে সকাল বিকাল
ঘরের খবর পুছে।।
আসতে যেতে নানান মানুষ
ঘরের খবর লয়
তখন আমার ঘর ছিল কি
না হয় সংশয়.....!!
যদি বলি ঘরটি ছিল
সাগর জলের নীচে
ঘাড় দুলিয়ে বলবে মানুষ
সমস্ত নয় মিছে
হাল সাকিনের লজ্জা আমার
কেমনে জানি মুছে
ঘরে পরে তফাত আমার
কখন গেছে ঘুচে
তবু লোকে সকাল বিকাল
ঘরের খবর পুছে।।
যদি বলি ঘরটি হবে
নীল আকাশের নীলে
মিটি মিটি চেরাগ জ্বলা
লক্ষ তারার বিলে
বলবে মানুষ সে সব কথা
সত্য আবার হয়
সকাল বিকাল মানুষ তবু
ঘরের খবর পুছে
তবু মানুষ সকাল বিকাল
ঘরের খবর পুছে
ঘরে পরে তফাত আমার
কখন গেছে ঘুচে
তবু লোকে সকাল বিকাল
ঘরের খবর পুছে।।
🎶 দাঁড়ের ময়না কিসব কথা বলে
💿 এলপি/অ্যালবাম: (জানা নাই)
শিল্পী: ফকির আলমগীর
✍️ গীতিকার: আহমদ ছফা (১৮.১২.১৯৭৭)
দাঁড়ের ময়না
কি সব কথা বলে
বুঝতে আমি পাড়ি নারে
করি অনুভব
পোষা পাখির কন্ঠে কেন
বনের কলরব।।
কি কারনে ময়না এমন
সূবর্ণ খাঁচায়
কিচির-মিচির কাঁদন করে
শান্তি নাহি পায়,
খাঁচার ভিতর উত্তল দেখে
গুলিয়ে ফেলি সব।।
শেখা বুলি ভুলে কেন
ময়না আমার জংলা কথা কয়
ছাড়া পেলে ভুলবে নাকি
খাঁচার পরিচয়,
ময়না পাখির কন্ঠে শোনে
বুঝায় অতীত রব
কেন মনে হয় রে
আমার সমস্ত সম্ভব।।
গণবুদ্ধিজীবী ও গণশিল্পী: দুই কিংবদন্তির জীবন আলেখ্য
বাংলা সাহিত্যের প্রখ্যাত কথাশিল্পী আহমদ ছফা একাধারে লেখক, ঔপন্যাসিক, কবি, চিন্তাবিদ, বুদ্ধিজীবী এবং একজন মনীষী। জন্মগ্রহণ করেন ৩০ জুন ১৯৪৩, মৃত্যু ২৮ জুলাই ২০০১। তাঁর লেখার মূল উপজীব্য ছিল বাংলাদেশি জাতিসত্তা ও বাঙালি মুসলমানের আত্মপরিচয়। আহমদ ছফার প্রকাশিত ছয়টি কবিতার বইয়ের মধ্যে ২০০১ সালে প্রকাশিত আহিতাগ্নি গ্রন্থটিকে গানের বই বলা হয়। এতে মোট ৬১টি গান রয়েছে। যেখানে উপরের তিনটি গান রয়েছে।
একুশে পদকপ্রাপ্ত কিংবদন্তি গণসংগীত শিল্পী ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক ফকির আলমগীর ১৯৫০ সালের ২১ ফেব্রুয়ারি ফরিদপুরের ভাঙ্গায় জন্মগ্রহণ করেন। জগন্নাথ কলেজ থেকে স্নাতক ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় এমএ সম্পন্ন করা এই শিল্পী ষাটের দশকের ছাত্র আন্দোলন ও ৬৯-এর গণ-অভ্যুত্থানে রাজপথে সক্রিয় ছিলেন। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণের পাশাপাশি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের মাধ্যমে মুক্তিযোদ্ধাদের অনুপ্রাণিত করেন। স্বাধীনতার পর তিনি বাংলা গানে দেশজ ও পাশ্চাত্য সুরের মেলবন্ধন ঘটিয়ে আধুনিক ও গণসংগীতের ধারায় নতুন মাত্রা যোগ করেন এবং ১৯৭৬ সালে প্রতিষ্ঠা করেন ‘ঋষিজ শিল্পীগোষ্ঠী’। পেশাগত জীবনে বিসিআইসির মহাব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করা ফকির আলমগীর একাধারে একজন কলামিস্ট, লেখক ও সাংস্কৃতিক সংগঠক ছিলেন। সংগীতে বিশেষ অবদানের জন্য তিনি একুশে পদক, বাংলা একাডেমি ফেলোশিপসহ অসংখ্য দেশি-বিদেশি সম্মানে ভূষিত হন। এই কালজয়ী সংগীত ব্যক্তিত্ব ২০২১ সালের ২৩ জুলাই মৃত্যুবরণ করেন।
মনীষী আহমদ ছফা - যদ্যপি আমার গুরু
সাক্ষাৎকার, কবিতা ও গ্রন্থতালিকা
