বাংলাদেশের ব্যান্ড সংগীতের ইতিহাসে এমন কিছু শিল্পী আছেন, যাঁরা মূলধারার আলোচনায় খুব বেশি আসেন না, কিন্তু তাঁদের অবদান সংগীতপ্রেমীদের কাছে আজও স্মরণীয়। রেশাদ মাহমুদ তেমনই একজন শিল্পী। শক্তিশালী কণ্ঠ, ব্যতিক্রমী গায়কী, সুর ও সংগীতায়োজনে নিজস্ব দৃষ্টিভঙ্গি এবং বিভিন্ন সংগীতধারাকে একত্র করার দক্ষতা তাঁকে সমসাময়িক শিল্পীদের তুলনায় আলাদা পরিচিতি দিয়েছে।হার্ড রক দিয়ে যাত্রা শুরু করলেও পরবর্তী সময়ে রক, রেগে, ব্লুজ ও জ্যাজের নানা উপাদান নিয়ে তিনি গড়ে তুলেছিলেন নিজের স্বতন্ত্র সংগীতজগৎ।
ব্যান্ড সংগীত, একক অ্যালবাম, চলচ্চিত্রের গান এবং বিজ্ঞাপনের জিঙ্গেল, সব ক্ষেত্রেই রয়েছে তাঁর উল্লেখযোগ্য অবদান। নব্বইয়ের দশকে অসংখ্য জনপ্রিয় বিজ্ঞাপনের জিঙ্গেলে কণ্ঠ ও সুর দেওয়ার কারণে তিনি পরিচিতি পান ‘জিঙ্গেল কিং’ নামে। ব্যান্ড সংগীত, একক অ্যালবাম, জনপ্রিয় গান এবং বিজ্ঞাপনের জিঙ্গেল মিলিয়ে রেশাদ মাহমুদের সংগীতজীবন বাংলাদেশের সংগীত ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তাঁর জীবন ও কাজের উল্লেখযোগ্য দিকগুলো নিচে তুলে ধরা হলো।
রেশাদ মাহমুদ: পরিচয় ও সংগীতভাবনা
রেশাদ মাহমুদ কেবল একজন গায়ক নন; তিনি একজন সুরকার, সংগীত পরিচালক ও নিরীক্ষাধর্মী সংগীতচিন্তার অধিকারী শিল্পী। তাঁর কণ্ঠের অন্যতম বৈশিষ্ট্য ছিল গানের আবহ অনুযায়ী নিজেকে পরিবর্তন করতে পারা। কখনো প্রেম ও বিরহের আবেগঘন প্রকাশ, কখনো তারুণ্যের অস্থিরতা, আবার কখনো উৎসবের উচ্ছ্বাস, সব ক্ষেত্রেই তিনি স্বাচ্ছন্দ্যের সঙ্গে নিজের কণ্ঠকে ব্যবহার করেছেন। তাই তাঁর গান শুধু সুরের কারণে নয়, পরিবেশনার বৈচিত্র্যের কারণেও শ্রোতাদের কাছে আলাদা আবেদন তৈরি করেছে।
ব্যান্ড সংগীতে পথচলা: স্কর্চার থেকে দ্য কিউ
১৯৮৪ সালে স্কর্চার (Scorcher) ব্যান্ডের মাধ্যমে রেশাদ মাহমুদের সংগীতজীবনের সূচনা। শুরুতে তিনি হার্ড রক ধারার সংগীতচর্চা করতেন। পরবর্তী সময়ে বাংলাদেশের একাধিক ব্যান্ডের সঙ্গে যুক্ত হয়ে নিজের সংগীতজীবনকে আরও সমৃদ্ধ করেছেন। তাঁর সংগীতযাত্রায় ওয়ারফেইজ, আর্ক, দ্য কিউ এবং ফিডব্যাক-এর মতো ব্যান্ডের নাম উল্লেখযোগ্য। এসব ব্যান্ডে কাজের অভিজ্ঞতা তাঁর সংগীতচিন্তাকে আরও বহুমাত্রিক করে তুলেছিল।
বিশেষ করে দ্য কিউ (The Q) ব্যান্ডের সঙ্গে তাঁর সম্পৃক্ততা বাংলাদেশের ব্যান্ড সংগীতের এক স্মরণীয় অধ্যায়। এই সময়ে তাঁর কণ্ঠ, সুর এবং সংগীত নিয়ে পরীক্ষাধর্মী কাজ শ্রোতাদের বিশেষভাবে আকৃষ্ট করে। ব্যান্ড মিক্সড অ্যালবাম তার গান রয়েছে। নব্বইয়ের দশকের বিভিন্ন মিক্সড অ্যালবামেও রেশাদ মাহমুদের গান শ্রোতাদের কাছে জনপ্রিয়তা পেয়েছিল। ব্যক্তিগতভাবে তাঁর কণ্ঠ প্রথম শুনি টুগেদার মিক্সড অ্যালবামের ‘এলোমেলো জীবন’ গানটির মাধ্যমে, যা পরবর্তীতে তাঁর অন্যান্য কাজের প্রতি আগ্রহ তৈরি করে।
দ্য কিউ (The Q): একটি নতুন সংগীত ভাবনার সূচনা
রেশাদ মাহমুদের সংগীতজীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলোর একটি হলো দ্য কিউ (The Q)। আশির দশকের হার্ড রক-নির্ভর ধারা থেকে বেরিয়ে এসে আরও বৈচিত্র্যময় সংগীতচর্চার একটি প্ল্যাটফর্ম হিসেবে ব্যান্ডটি গড়ে উঠেছিল। দ্য কিউয়ের সংগীতে রক, ব্লুজ, রেগে এবং জ্যাজের বিভিন্ন উপাদানের মিশ্রণ পাওয়া যায়। ব্যান্ডটির মাধ্যমে রেশাদ মাহমুদ নিজের কণ্ঠ, সুর ও কম্পোজিশনের নতুন দিকগুলোর প্রকাশ ঘটান।
দ্য কিউ (The Q) অ্যালবাম: জন্ম
‘জন্ম’ দ্য কিউয়ের অন্যতম উল্লেখযোগ্য অ্যালবাম। এই অ্যালবামে রেশাদের সংগীতভাবনা, বৈচিত্র্যময় কম্পোজিশন এবং পরীক্ষাধর্মী সংগীতচর্চার প্রতিফলন দেখা যায়। প্রচলিত রক ধারার পাশাপাশি এখানে নতুন শব্দ ও সংগীত বিন্যাসের ব্যবহার লক্ষ করা যায়, যা দ্য কিউকে সমসাময়িক অনেক ব্যান্ড থেকে আলাদা পরিচিতি দিয়েছিল।
- অ্যালবাম: জন্ম
- ব্যান্ড/ শিল্পী: দ্য কিউ (The Q)
- প্রকাশকাল: ১৯৯৪
- প্রকাশনা প্রতিষ্ঠান: মার্স (Mars)
- ধরন: রক, ব্লুজ, জ্যাজ
- ফরম্যাট: অডিও ক্যাসেট
অ্যালবাম ট্র্যাকলিস্ট: জন্ম
- অজন্তার দুঃখ-সুখ – কথা: বাপ্পী খান
- আমাদের চাওয়া– কথা: বাপ্পী খান
- আমার অসুখ – কথা: সালাউদ্দিন সজল
- বিবাগী– কথা:শিবলী
- যে সে – কথা: বাপ্পী খান
- স্বাধীনতার খেলা – কথা: বাপ্পী খান
- জন্ম – কথা: শিবলী
- ফেরত পাবে – কথা: বাপ্পী খান
- মধ্য রাতের মেয়ে – কথা:কাওসার আহমেদ চৌধুরী
- ১৯৮২-১৯৯৪– কথা: বাপ্পী খান
- হৃদয় এক খুনী– কথা: বাপ্পী খান
- ঠিকানা বিহীন চিঠি– কথা: বাপ্পী খান
একক শিল্পী হিসেবে রেশাদ মাহমুদ
ব্যান্ড সংগীতের পাশাপাশি একক শিল্পী হিসেবেও রেশাদ মাহমুদ নিজস্ব পরিচয় গড়ে তোলেন। তিনটি একক অ্যালবাম প্রকাশিত হয়েছে। তার একক কাজগুলোতে ব্যক্তিগত সংগীতচিন্তা, আবেগ এবং সৃজনশীলতার প্রকাশ আরও স্পষ্ট হয়ে ওঠে।এসব কাজের মধ্য দিয়ে তাঁর গায়কী, সুরকারসত্তা এবং সংগীতনির্ভর সৃজনশীলতার পরিচয় পাওয়া যায়। বিশেষ করে বিভিন্ন সংগীতধারার সমন্বয়ে নিজস্ব আবহ তৈরি করার প্রবণতা তাঁকে আলাদা করেছে।
- গ্রহান্তরী ভালবাসা- ১৯৯২
- ইচ্ছে করে
- অজান্তে একদিন
অ্যালবাম: গ্রহান্তরী ভালবাসা
‘গ্রহান্তরী ভালোবাসা’ রেশাদ মাহমুদের অন্যতম পরিচিত একক অ্যালবাম। অ্যালবামের শিরোনাম গানটি বিশেষ জনপ্রিয়তা অর্জন করে। বাপ্পী খানের কথায় এবং জেমসের সুরে তৈরি এই গানটি বাংলা আধুনিক গানের শ্রোতাদের কাছে আজও স্মরণীয়। অ্যালবামটিতে প্রেম, স্বপ্ন, বিচ্ছেদ এবং ব্যক্তিগত অনুভূতির নানা প্রকাশ দেখা যায়। একই সঙ্গে আইয়ুব বাচ্চু, জেমস, আসিকুজ্জামান টুলু এবং রেশাদ মাহমুদের সংগীতায়োজন অ্যালবামটিকে বিশেষ মাত্রা দিয়েছে।
- অ্যালবাম: গ্রহান্তরি ভালবাসা
- ব্যান্ড/ শিল্পী: রেশাদ মাহমুদ
- প্রকাশকাল: ১৯৯২
- প্রকাশনা প্রতিষ্ঠান: সারগাম (২৭৪)
- ধরন: রক, ব্লুজ, জ্যাজ
- সুর ও সংগীত : আইয়ুব বাচ্চু, জেমস ও টুলু
- ফরম্যাট: অডিও ক্যাসেট
অ্যালবাম ট্র্যাকলিস্ট: গ্রহান্তরী ভালবাসা
- আমাকে নিয়ে চলো না – কথা: বাপ্পী খান
- ভুলে যেতে চাই– কথা: আইয়ুব বাচ্চু
- আমার ঘড়ির ঘণ্টা – কথা: বাপ্পী খান
- পথিকের চেনা পথ– কথা: সালাউদ্দিন সজল
- অপরূপ দ্বীপ – কথা: সালাউদ্দিন সজল
- পরাজয় আমার – কথা: বাপ্পী খান
- পথহারা – কথা: আসিফ ইকবাল
- গ্রহান্তরী ভালবাসা – কথা: বাপ্পী খান
- মৃতের ঘর – কথা: বাপ্পী খান
- মনে পড়ে– কথা: আসিফ ইকবাল
- স্বপনের চৌকাঠে– কথা: বাপ্পী খান
- দ্বিচারিণী– কথা: কথা: সালাউদ্দিন সজল
ফিডব্যাক ও ‘মেলা-২’
রেশাদ মাহমুদের সংগীতজীবনের আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় হলো ফিডব্যাক ব্যান্ড। ফিডব্যাকের ‘ফিডব্যাক ০২’ অ্যালবামের অধিকাংশ গানে তাঁর কণ্ঠ শোনা যায়। এ ছাড়া ‘মেলা-২’ গানটি তাঁর জনপ্রিয় পরিবেশনাগুলোর একটি। প্রেমের বিষণ্ন গান থেকে উৎসবমুখর গানে সহজাত দক্ষতায় নিজেকে খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতা রেশাদের অন্যতম বড় শক্তি ছিল। ‘মেলা-২’ তার উজ্জ্বল উদাহরণ।
জিঙ্গেল কিং: বিজ্ঞাপনের জগতে রেশাদ মাহমুদ
নব্বইয়ের দশকে বাংলাদেশের বিজ্ঞাপন জগতেও ছিল রেশাদ মাহমুদের শক্তিশালী উপস্থিতি। ‘কোকোলা’, ‘লিজান মেহেদী’ এবং ‘টার্গেট ওয়াশিং পাউডার’-এর মতো জনপ্রিয় বিজ্ঞাপনের জিঙ্গেলের সঙ্গে তাঁর নাম জড়িয়ে আছে। আকর্ষণীয় সুর এবং সহজে মনে রাখার মতো কণ্ঠের কারণে এসব জিঙ্গেল সাধারণ মানুষের মুখে মুখে ফিরত। এই অবদানের জন্যই সংগীতাঙ্গনে তিনি পরিচিতি পান ‘জিঙ্গেল কিং’ হিসেবে।
চলচ্চিত্রের গানে অবদান
ব্যান্ড সংগীত ও বিজ্ঞাপনের বাইরে চলচ্চিত্রের গানেও কণ্ঠ দিয়েছেন রেশাদ মাহমুদ। চলচ্চিত্রের চরিত্র ও পরিস্থিতি অনুযায়ী কণ্ঠের স্বর, আবেগ এবং উপস্থাপনা বদলে নেওয়ার দক্ষতা তাঁকে ভিন্নমাত্রা দিয়েছে। তাঁর কণ্ঠে কখনো গাম্ভীর্য, কখনো তীব্রতা, আবার কখনো নাটকীয়তার প্রকাশ দেখা যায়, যা তাঁর বহুমুখী সংগীতপ্রতিভার প্রমাণ।
বাংলাদেশের সংগীতে রেশাদ মাহমুদের উত্তরাধিকার
রেশাদ মাহমুদের অবদান শুধু কয়েকটি জনপ্রিয় গানের মধ্যেই সীমাবদ্ধ নয়। ব্যান্ড সংগীত, একক অ্যালবাম, সুর ও সংগীতায়োজন, বিজ্ঞাপনের জিঙ্গেল এবং চলচ্চিত্রের গান, সব ক্ষেত্রেই তিনি রেখেছেন নিজের স্বাক্ষর। তাঁর সংগীতচর্চা নতুন প্রজন্মের শিল্পীদের জন্যও অনুপ্রেরণার উৎস। কণ্ঠের বৈচিত্র্য, বিভিন্ন ধারার সংগীত মিশিয়ে কাজ করার ক্ষমতা এবং সৃজনশীল কম্পোজিশনের কারণে তিনি বাংলাদেশের সংগীতাঙ্গনে একটি স্বতন্ত্র স্থান দখল করে আছেন।
এক নজরে রেশাদ মাহমুদ
| বিষয় | তথ্য |
|---|---|
| পরিচিতি | রক সংগীতশিল্পী, সুরকার ও জিঙ্গেল নির্মাতা |
| সংগীতজীবন শুরু | ১৯৮৪ |
| প্রথম ব্যান্ড | স্কর্চার (Scorcher) |
| উল্লেখযোগ্য ব্যান্ড | দ্য কিউ, ফিডব্যাক, ওয়ারফেইজ, আর্ক |
| একক অ্যালবাম | গ্রহান্তরী ভালবাসা, ইচ্ছে করে, অজান্তে একদিন |
| উল্লেখযোগ্য পরিচিতি | জিঙ্গেল কিং |
| জনপ্রিয় গান | গ্রহান্তরী ভালবাসা, রমা করো ক্ষমা, অনামিকা, আমার ঘড়ির ঘণ্টা, মেলা-২ |
📱 সম্পূর্ণ টেবিলটি দেখতে ডানে-বামে স্ক্রল করুন।
শেষকথা
রেশাদ মাহমুদ এমন একজন শিল্পী, যিনি শুধু একজন ব্যান্ড ভোকাল নন; তিনি একজন সৃজনশীল সংগীতকর্মী, সুরকার, সংগীত পরিচালক এবং জিঙ্গেল নির্মাতা। ‘গ্রহান্তরী ভালবাসা’, ‘রমা করো ক্ষমা’, ‘অনামিকা’, ‘ইচ্ছে করে’, ‘আমার ঘড়ির ঘণ্টা’ এবং ‘মেলা-২’-এর মতো গান আজও বাংলা গানের শ্রোতাদের স্মৃতিতে জীবন্ত। সময়ের সঙ্গে জনপ্রিয়তার ধারা বদলালেও তাঁর সংগীতের আবেদন মুছে যায়নি।
বাংলাদেশের রক ও ব্যান্ড সংগীতের ইতিহাসে রেশাদ মাহমুদের অবদান তাই শুধু নস্টালজিয়ার বিষয় নয়; এটি আমাদের সংগীত ঐতিহ্যের একটি মূল্যবান অধ্যায়, যা নতুন প্রজন্মের শ্রোতাদের কাছে আরও বেশি করে পৌঁছে দেওয়া প্রয়োজন।
আরও পড়ুন:
- আইয়ুব বাচ্চু: রূপালি গিটারের মিথের নাম
- নগর বাউল জেমস: অনন্যা থেকে ঠিক আছে বন্ধু
- আর্ক (ARK) ব্যান্ড: বাংলাদেশের রকের বিগ থ্রি
- ব্যান্ড মাইলস (Miles): শুরুর পাঁচটি অ্যালবাম
- ফিডব্যাক ব্যান্ড: অ্যালবামের ইতিহাস, বিবর্তন
- সালাউদ্দিন সজল: নব্বইয়ের নিভৃতচারী গীতিকবি
- আসাদুল্লাহ দেহলভী: জেমসের নেপথ্যের গীতিকার



